উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী মহানগরীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার আরএমপি মিডিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে আশা জুয়েলারি স্টোরে আসেন। পরে ২৭ সেপ্টেম্বর তিনি এক লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন জাল নোট দিয়ে প্রতারণা করে নিয়ে যান। দোকানমালিকের বাবা নোটগুলো যাচাই করতে গেলে জালিয়াতি ধরা পড়ে, কিন্তু ততক্ষণে প্রতারক পালিয়ে যায়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর খিলক্ষেত থেকে মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনার দায়ে মা জুয়েলার্সের মালিক মো. রোমানকেও গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজুলের কাছ থেকে রাজশাহীর চেইনটি ছাড়াও বগুড়ার তামান্না জুয়েলার্স থেকে প্রতারণা করে নেওয়া আরেকটি স্বর্ণের চেইন উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিয়াজুল বিভিন্ন স্থানে একই কৌশলে প্রতারণা করে আসছেন। তাঁর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ডিএমপির খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।