উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভিয়েতনাম যুদ্ধের সময় নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে বড় ধরনের উদ্যোগের অংশ হিসেবে ৭৩১ জন নিহত সেনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বুধবার হো চি মিন সিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের সমাহিত করা হয়। দীর্ঘদিন পর উদ্ধার হওয়া এসব সেনার দেহাবশেষ পোড়ামাটির কফিনে করে সমাধিক্ষেত্রে নিয়ে যাওয়া হয়।
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধারকৃতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি হলেন স্কোয়াড লিডার হুয়িন ভ্যান কুয়েন, যিনি ১৯৬৮ সালে যুদ্ধে অংশ নিয়েছিলেন। লে থি রিয়েং পার্ক থেকে উদ্ধার হওয়া তাঁর দেহাবশেষের সঙ্গে স্বজনদের ডিএনএ নমুনা মিলে যাওয়ায় এই পরিচয় নিশ্চিত করা হয়।
১৯৪৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা এই দীর্ঘ যুদ্ধে প্রায় ১২ লাখ ভিয়েতনামি সেনা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়। বর্তমানে দেশজুড়ে পরিচয়হীন সেনাদের ২ লাখ ৩০ হাজার কবর রয়েছে। এছাড়া আরও হাজার হাজার সেনার দেহাবশেষ দুর্গম জঙ্গল ও কৃষিজমির নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।
নিখোঁজ সেনাদের খুঁজে বের করতে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ৭ হাজার দেহাবশেষ উদ্ধারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভিয়েতনাম সরকার। উপপ্রধানমন্ত্রী ফাম থি থান ট্রা এই উদ্যোগকে একটি বিশেষ গুরুত্বসম্পন্ন রাজনৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে অভিহিত করেছেন। বর্তমানে প্রতিবেশী দেশগুলোতেও অনুসন্ধান কাজ চালানো হচ্ছে।
পরিচয় শনাক্তের জন্য ২ লাখ ৩০ হাজার অশনাক্ত কবর থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দেহাবশেষের ১৮ হাজার নমুনার ডিএনএ বিশ্লেষণ করে একটি ডেটাবেজ তৈরির কাজ চলছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বজনদের বয়স বেড়ে যাওয়া এবং প্রাকৃতিক পরিবেশে হাড়ের ক্ষয় এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জিং করে তুলছে।
শেষকৃত্য অনুষ্ঠানে হো চি মিন সিটির উপমেয়র নগুয়েন মান কুয়ং বলেন, নিহত সহযোদ্ধাদের সন্ধান অব্যাহত রাখতে কোনো সুযোগই উপেক্ষা করা হবে না। যদিও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার কারণে অধিকাংশ সেনার নাম ও আদি নিবাস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি, তবুও এই মানবিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে সরকার।