উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সবকিছুর ওপরে বাংলাদেশকে রেখে বর্তমান সরকারের কার্যক্রমে অসহযোগিতা বা অবহেলাকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কোন কোন প্রকল্পে ধীরগতি রয়েছে, সেটিও অনুসন্ধান করার জন্য কমিটিকে পরামর্শ দেওয়া হয় এবং বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে রাষ্ট্র মেরামতে মননশীলতার পরিবর্তন ঘটিয়ে ৩১ দফা সংস্কার বাস্তবায়নে মাঠপর্যায়ে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো ধরনের বাধা থাকলে তা কমিটির সামনে তুলে ধরতে হবে। কোনো বিষয় গোপন না করে প্রয়োজনীয় তথ্য, প্রাসঙ্গিক নথি এবং বাস্তব পরিস্থিতি উপস্থাপন করে নাগরিক সেবা সহজ ও দ্রুত করার তাগিদ দেওয়া হয়।
ডিজিটাল সেবা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের ওপর বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়। সেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটির সভাপতি প্রজাতন্ত্রের কর্মচারীদের পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে জবাবদিহি, স্বচ্ছতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাঈদ আহমেদ এবং এতে অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ ছাড়া বৈঠকে কমিটির অন্যান্য সদস্য হিসেবে এ বি এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কেও এদিন কমিটিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।