উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পণ্যের সঠিক মান ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের কর্মপরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ ৫৭তম বিশ্ব মান দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব আব্দুন নাসের খান ও মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করার বিষয়ে।
মন্ত্রী বলেন, জনসাধারণ যে পণ্য ব্যবহার করবেন সেটির গুণগত মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং মানুষের নিরাপত্তাবোধ তৈরিতে বিএসটিআইয়ের পরিধি বাড়ানো হচ্ছে। সয়াবিন তেলে ভারী ধাতু থাকার খবরের পর বিএসটিআই ১৯৩টি নমুনা পরীক্ষা করে বিশুদ্ধতা পেয়েছে বলেও তিনি জানান।
সংস্থার সক্ষমতা বাড়াতে প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে ১৩ তলা ভবন নির্মাণ, ৬৩টি আধুনিক ল্যাব এবং ১০ জেলায় নতুন পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশনের পর আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতির জন্য মিউচুয়াল রিকগনিশন চুক্তি করার লক্ষ্যেও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।