উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসামার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের কৃষিপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, শিল্পের আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহন ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের সার কারখানার আধুনিকায়ন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি এবং বন্দর অবকাঠামো উন্নয়নে ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার, তাই এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি সক্ষমতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি পাটশিল্পের উন্নয়নে উন্নত পাটবীজ উদ্ভাবন, বহুমুখী পণ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ডাচ প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষ মেধাস্বত্ব সুরক্ষা, কাস্টমস প্রক্রিয়ার আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়েও মতবিনিময় করেন। বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলসহ উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।