উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বাড়াতে নতুন এক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই পরিবর্তনের ফলে পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কিছুটা সমস্যায় পড়তে পারেন। নতুন ফিচারটি চালু হলে সেকেলে অপারেটিং সিস্টেমে চলা ফোনে লগইন করার ক্ষেত্রে সফটওয়্যার আপডেট করার বাধ্যবাধকতা আসবে।
সাইবারনিউজের প্রতিবেদন অনুযায়ী, ফোনের অপারেটিং সিস্টেম আপডেট না করা পর্যন্ত হোয়াটসঅ্যাপে প্রবেশ করা সম্ভব হবে না। বর্তমানে বিটা ভার্সনে সীমিত আকারে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। পুরোনো অপারেটিং সিস্টেমে থাকা নিরাপত্তা ত্রুটি ও সাইবার হামলার ঝুঁকি কমাতেই এমন উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।
নিরাপত্তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপ কেবল অ্যাপ নয়, বরং ফোনের মূল অপারেটিং সিস্টেম আপডেট রাখার ওপরও গুরুত্ব দিচ্ছে। এর পাশাপাশি চ্যাট প্রাইভেসি বাড়াতে ‘রেস্ট্রিক্টেড চ্যাট’ সুবিধাসহ চ্যাট এক্সপোর্ট বন্ধ এবং এআই ফিচারের ব্যবহার নিয়ন্ত্রণের মতো একাধিক নতুন ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।