উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি স্বাস্থ্য বুলেটিন ও প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়। তবে এই সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। চলতি বছর ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। ফলে নিশ্চিত ও উপসর্গসহ চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের শরীরে ল্যাব-পরীক্ষিত হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ২২ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৯ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। ফলে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সঠিক সময়ে টিকাদান নিশ্চিত করা এবং জ্বর ও শরীরে লালচে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়াই এই প্রাদুর্ভাব প্রতিরোধের মূল উপায়।