উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতালিতে বৈধ পথে দক্ষ কর্মী পাঠাতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে আগামী মাসেই একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশি কর্মীদের ইতালীয় ভাষা, সংস্কৃতি এবং কারিগরি দক্ষতার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সফলদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন বাড়ানো, শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বর্তমানে ইতালিতে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশির অবদানের প্রশংসা করা হয়। অনিয়মিত অভিবাসন রোধে বৈধ পথের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন দুই দেশের প্রতিনিধিরা। এছাড়া, বাংলাদেশের তরুণদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।