উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয় থেকে শুরু করে অনলাইন জগৎ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য।
রাষ্ট্রপতি আরও বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগের কোনো বিকল্প নেই। তিনি কন্যাশিশুর শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে অভিহিত করে বলেন, তাদের জন্ম কোনো বোঝা নয় বরং অফুরন্ত সম্ভাবনার সূচনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের পবিত্র দায়িত্ব।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি নারী শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া প্রতিটি উপজেলায় কিশোরীবান্ধব মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা ও হেল্পলাইন সম্পর্কে সচেতনতা তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও সংসদ সদস্য সেলিমা রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।