উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্মীয় পরিচয় নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে দেশের প্রত্যেক মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। এ সময় আসনটির আটটি মন্দিরের প্রতিনিধিরা তাঁকে শারদীয় দুর্গাপূজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বলেন, একজন দেশের নাগরিক হিসেবে আপনার যে অধিকার ও প্রাপ্য, সরকারপ্রধান হিসেবে আমি সেটাই পালন করার চেষ্টা করছি। ধর্মের পরিপ্রেক্ষিতে নয়, বরং মানুষ হিসেবে প্রত্যেককে তাঁর ক্ষমতার মধ্যে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব, তা নিশ্চিত করবেন বলে জানান তিনি। দেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর হিন্দু সম্প্রদায়ের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের তাঁরা প্রশংসা করেন। পাশাপাশি দুর্গাপূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।