উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগ্রেসরা সমতা ফেরানোর লড়াইয়ে নামবে। আগামীকাল ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ব্রিজবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিতু মনি ৬৩ বলে ৪৫ রান এবং নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত থাকেন। জবাবে ফোবি লিচফিল্ডের ৭৭ রানের সুবাদে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচ হারের জন্য বড় জুটি গড়তে না পারাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে অভিষেক ম্যাচে পেসার হাবিবা ইসলাম পিংকির ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট শিকারের প্রশংসা করেছেন তিনি। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া হয়ে আছে টাইগ্রেসরা।
অন্যদিকে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় শক্তিশালী অস্ট্রেলিয়া। এই চক্রে ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়ে সবকটিতেই হেরেছে বাংলাদেশ, টি-টোয়েন্টিতেও জয়ের দেখা মেলেনি। তবে নিজেদের ভুল শুধরে পরবর্তী ম্যাচে ব্যাটারদের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।