উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকার নির্ধারিত চারটি দামস্তরের আড়ালে মোট ১২টি ভিন্ন ভিন্ন দামে ৫৩টি সিগারেট ব্র্যান্ড বাজারজাত করছে কোম্পানিগুলো। এর ফলে ভোক্তাদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী ব্র্যান্ড পরিবর্তনের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি দেশের আটটি বিভাগীয় শহরের ৮০ জন খুচরা বিক্রেতার মধ্যে পরিচালিত এক র্যাপিড সার্ভেতে এই তথ্য উঠে এসেছে। বেসরকারি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই জরিপটি পরিচালনা করে।
কেবল নিম্নস্তরেই আটটি ভিন্ন দামের সিগারেট বাজারে পাওয়া যাচ্ছে বলে জরিপে দেখা গেছে। এই স্তরের সবচেয়ে দামি ব্র্যান্ডের দাম ৯০ টাকা, যা মধ্যমস্তরের ৯২ টাকার দামের বেশ কাছাকাছি। তামাকবিরোধীদের দীর্ঘদিনের দাবি হলো সিগারেটের স্তরসংখ্যা পর্যায়ক্রমে চারটি থেকে কমিয়ে একটিতে নিয়ে আসা। এর ফলে দাম বাড়লে ভোক্তার কমদামি বা সামর্থ্য অনুযায়ী যেকোনো ব্র্যান্ড বেছে নেওয়ার সুযোগ আর থাকবে না।
বর্তমানে ১২টি পৃথক দামে সিগারেট কেনার সুযোগ থাকায় কর ও দাম বৃদ্ধি সিগারেটের ব্যবহার হ্রাসে কোনো ভূমিকা রাখতে পারছে না। ত্রুটিপূর্ণ সিগারেট করকাঠামো মূলত এর জন্য দায়ী বলে বিশ্লেষণে উঠে এসেছে। জরিপ অনুযায়ী সরকার প্রতিটি মূল্যস্তরের সাথে তদূর্ধ্ব শব্দটি ব্যবহার করে কোম্পানিগুলোকে মূল্যসীমা নির্ধারণের সুবিধা দিচ্ছে। ফলে নিম্নস্তরে ৬৫ থেকে ৯১ টাকা পর্যন্ত যেকোনো মূল্যে সিগারেট বাজারজাত করা সম্ভব হচ্ছে।
মূল্যস্তরগুলোর সাথে তদূর্ধ্ব লেখা বাদ দিয়ে প্রতিটি স্তরে একটি একক মূল্য নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে জরিপে। এছাড়া পর্যায়ক্রমে স্তরসংখ্যা একটিতে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয় যাতে কর ও মূল্যবৃদ্ধির প্রভাব সঠিকভাবে কাজ করে। বৈশ্বিক গবেষণা অনুযায়ী একক মূল্যস্তরে দাম ও কর বাড়লে তরুণ ও নিম্ন আয়ের মানুষ সিগারেট ছাড়তে উৎসাহিত হয়।