উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং কোনো মহল যাতে উসকানি দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বৈঠকটি মূলত আসন্ন দুর্গাপূজা কীভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায় সেই বিষয়ে আলোচনা করেছে। তিনি বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে এবং সরকার তার দক্ষ ব্যবস্থাপনায় সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
পূজার পাশাপাশি বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে এবং ব্যাংকিং খাতে গতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।