উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালীর বাউফলে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া ও মঠবাড়িয়া এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের আটক করা হয়।
রোববার দুপুর ১টার দিকে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আটক জেলেদের হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ বুলবুল জাহিদুল ইসলামকে এক মাস এবং অপর সাতজনকে ১৯ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আরিফ ফকির, রমিজ প্যাদা, ইসমাইল খন্দকার, ফিরোজ হাওলাদার, কবির খন্দকার, ইলিয়াস ফকির, সোলায়মান সিকদার ও জাহিদুল ইসলাম। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তেঁতুলিয়া নদীতে নিয়মিত এই অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।