উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের কুমড়াগাছা গ্রামে বাড়িঘর ভাঙচুর, মারধর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ রহমত আলী দিলপাশার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন অভিযোগকারী হানিফ শেখ। এ ঘটনায় হানিফ শেখ বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রহমত আলী ছাড়াও মোঃ সুমন আলী, শাকওয়াদ, বিল্লাল, স্বপন ও সাব্বিরের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী হানিফ শেখ জানান, প্রথমে দিলপাশার স্টেশনে তাঁকে মারধর করা হয় এবং পরবর্তীতে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর চালান। এ সময় তাঁর স্ত্রী, সন্তান ও ভাইকে মারধর করা হয় এবং তাঁর স্ত্রীর মাথায় আঘাত করায় মাথা ফেটে যায়। আহত স্ত্রী বর্তমানে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। পরিবারের সদস্যদের ওপর হামলার পাশাপাশি বাড়ি থেকে নগদ আড়াই লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মোঃ রহমত আলীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম জানান, তিনি দিলপাশার এলাকার একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, আহত ব্যক্তির চিকিৎসা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত হানিফ শেখ।