উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফেনীর সোনাগাজীর বড় ফেনী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। শনিবার দুপুরে উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে শুরু করে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়। জব্দকৃত চরঘেরা ও কারেন্ট জালগুলো পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই অভিযান ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত অব্যাহত থাকবে এবং এ সময় ইলিশ ধরা, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযানকালে মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।