উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীর চাপ ধারণক্ষমতার তিন থেকে চারগুণ ছাড়িয়েছে। জেলার আট উপজেলাসহ পার্শ্ববর্তী আমতলী, তালতলী ও বেতাগী থেকে আসা রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শয্যা না থাকায় বাধ্য হয়ে বারান্দা ও মেঝেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল হাসপাতালে ৮৪২ জন রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে মেডিসিন, ডেঙ্গু ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ ছিল সবচেয়ে বেশি।
হাসপাতালের প্রশাসনিক তথ্য অনুযায়ী, ৭৭টি অনুমোদিত চিকিৎসক পদের বিপরীতে বর্তমানে মাত্র ২৭ জন কর্মরত আছেন। অর্থাৎ ৫০টি পদই শূন্য পড়ে আছে। এর মধ্যে জুনিয়র কনসালটেন্টের ১১টি পদের মধ্যে আটটিই খালি। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৬৬টি পদের মধ্যে ৭৩টি পদ শূন্য থাকায় হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান জানান, প্রতিদিন ৯০০ থেকে ৯৫০ জন রোগীকে সেবা দিতে মাত্র ২৫ জন চিকিৎসক রয়েছেন, যা অত্যন্ত অমানবিক। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ শূন্য পদ পূরণের জন্য নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের দুটি এক্স-রে ও দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিনের মধ্যে একটি করে মেশিন অচল থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিজা বলেন, ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসায় চিকিৎসক ও রোগী উভয় পক্ষই চরম ভোগান্তির শিকার হচ্ছে। নার্স ও পরিচ্ছন্নতাকর্মীদেরও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। চিকিৎসক ডা. তামান্না আক্তার জানান, জনবল সংকটের কারণে অসুস্থ শরীর নিয়েও তাদের ডিউটি করতে হচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।