উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলীয় পরিচয় বা আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে দেশের ৫০৩টি উপজেলার সুষম উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো একটি উপজেলাকে বিশেষ সুবিধা দিয়ে পাশের উপজেলাকে বঞ্চিত রাখা সরকারের নীতি নয়।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী জানান, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। সীমিত সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তিনি।
নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রচলিত জ্বালানি ফুরিয়ে আসায় সৌরশক্তির ব্যবহার বাড়ানো এখন জরুরি। এ ছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং সমবায় সমিতির নিবন্ধনপ্রক্রিয়া সহজ করার ওপরও তিনি আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারি কার্যালয় ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে ৩৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।