উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের উন্নয়ন ও কার্পেটিংয়ের জন্য প্রায় ১৩ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও সড়কটির বেহাল দশা কাটেনি। ১১ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী দুই উপজেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে সড়কটির উন্নয়ন ও কার্পেটিংয়ের উদ্যোগ নেওয়া হয়। ২০২৪ সালের জুনে কাজ শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
নিয়মিত যাতায়াতকারী সিএনজিচালক ফরহাদ ও যাত্রী মামুন মিয়া জানান, রাস্তার বেহাল দশার কারণে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাড়তি খরচ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক কাজটি পেয়েছে এবং বৃষ্টির কারণে দেরি হচ্ছে বলে প্রতিনিধি খায়রুল হাসান জানিয়েছেন। আখাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন বলেন, কাজের ধীরগতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, সড়কের কাজ দ্রুত শেষ করার বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হবে এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও বিষয়টি তুলে ধরা হবে। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে কসবা-আখাউড়া সড়কের উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।