উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোট এলে দেশের রাজনৈতিক নেতারা বেশি ইসলামিক বা কৃষক সাজেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলার মঞ্চে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি তরুণ আলেমদের উদ্দেশে বলেন, দীর্ঘ মেয়াদে নিজস্ব রাজনীতি নির্মাণ করতে হবে এবং অন্য কারও গেমের ঘুঁটি হওয়া যাবে না। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর স্মরণে প্রকাশিত ‘তুরাস’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ ২০০৮ সালের নির্বাচন-পরবর্তী সময়ে আলেম-ওলামাদের ওপর রাষ্ট্রীয় নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, সে বিষয়ে উল্লেখযোগ্য কোনো একাডেমিক কাজ হয়নি। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের প্রকাশিত ‘তুরাস’ বইটি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কওমি সনদের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আলেমদের রাষ্ট্রের মূলধারার পেশায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। জুলাইয়ের সৃষ্টি করা সুযোগ কাজে লাগাতে এবং বিভাজিত না হয়ে আলেমদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন হাসনাত।
আওয়ামী লীগ চলে গেলে অন্য ধর্মের মানুষেরা অনিরাপদ—এই প্রচার মিথ্যা প্রমাণ করার পাশাপাশি আলেমদের পরমতসহিষ্ণু হওয়ার পরামর্শ দেন হাসনাত আবদুল্লাহ। আসন্ন দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মের সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এছাড়া আলেমদের নিজস্ব গবেষণাপ্রতিষ্ঠান ও গণমাধ্যম তৈরি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন হাসনাত। বক্তব্যের পর হাসনাতসহ এনসিপি ও ওলামায়ে অ্যালায়েন্সের নেতারা ‘তুরাস’-এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।