উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ এবং বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। তিনি আরও জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সিভিল সার্জন বলেন, দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে দৃষ্টিসংক্রান্ত সমস্যা বাড়ছে। আগে বয়স্কদের মধ্যে চশমা ব্যবহারের প্রবণতা বেশি দেখা গেলেও এখন শ্রেণিকক্ষেও অনেক শিশুকে চশমা ব্যবহার করতে দেখা যায়। শিশুদের এ স্বাস্থ্যঝুঁকি কমাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত করার আহ্বান জানান তিনি।
পেশাগত ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিকাজসহ বিভিন্ন পেশায় অসতর্কতার কারণে চোখে গুরুতর আঘাত ও জটিলতা তৈরি হচ্ছে এবং ধান কাটার মৌসুমে অনেক কৃষক চোখে আঘাত পান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির রাজশাহী জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পবা উপজেলার ব্যবস্থাপক আল মামুন এবং ভিশনস্প্রিংয়ের সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক তন্ময় কুমার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ। রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে পরে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।