উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যানজট, আবাসনসংকট, জলাবদ্ধতা, পরিবেশদূষণ ও অপরিকল্পিত নগরায়ণের মতো নানা সমস্যায় জর্জরিত দেশের শহরগুলো। এসব সংকট মোকাবিла করে কীভাবে আরও বাসযোগ্য, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহর গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনার জন্য ঢাকায় এক মঞ্চে বসছেন দেশ-বিদেশের নগরপ্রধান, স্থপতি ও নগর–পরিকল্পনাবিদেরা। এ লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ আর্কসামিট ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) আয়োজনে এই সম্মেলন আগামী রোববার পর্যন্ত চলবে এবং এবারের প্রতিপাদ্য ‘কো–ক্রিয়েটিং সিটিজ ফর অল’ বা ‘সবার জন্য সম্মিলিতভাবে নগর গড়ে তোলা’।
বাস্থইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘মেয়রস টকস’ যেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নগরপ্রধান ও নগর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার কলম্বো মিউনিসিপ্যাল কাউন্সিলের মেয়র ভ্রাই ক্যালি বালথাজার, ফিলিস্তিনের রামাল্লাহর ডেপুটি মেয়র মাজেদ জামাল আমিন আবদুলফাত্তাহ এবং নেপালের ললিতপুরের মহালক্ষ্মী পৌরসভার ডেপুটি মেয়র লক্ষ্মী মহার্জন। এ ছাড়া নেপালের ধনগড়ি উপমহানগরের প্রতিনিধি দিজ রাজ ভাট্টা সম্মেলনে অংশ নেবেন এবং থাইল্যান্ডের জেরাভেই হংসাকুল, চীনের অধ্যাপক উ জিয়াং ও জর্ডানের আম্মার ইয়াসের আহমাদ খাম্মাশের অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের নগর প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল, কুমিল্লা ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজকদের মতে, শহরের উন্নয়ন কেবল নতুন ভবন, সড়ক কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নগরবাসীর চলাচল, আবাসন, উন্মুক্ত স্থান, পরিবেশ, ঐতিহ্য সংরক্ষণ এবং নাগরিক সুবিধায় সমান সুযোগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সঙ্গে স্থপতি ও পরিকল্পনাবিদদের সরাসরি আলোচনার সুযোগ তৈরি করতেই মেয়রস টকস আয়োজন করা হচ্ছে। চার দিনের সম্মেলনে স্থাপত্যশিক্ষা নিয়েও আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠিত হবে এবং এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রিথিঙ্কিং আর্কিটেকচারাল এডুকেশন ফর ফিউচার প্র্যাকটিস’। বাস্থই জানিয়েছে, উন্নত শহর গড়ে তোলা শুধু স্থপতিদের দায়িত্ব নয় বরং এ জন্য নগর কর্তৃপক্ষ, নীতিনির্ধারক, প্রকৌশলী, পরিকল্পনাবিদ, শিক্ষাবিদ, শিল্প খাত এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।