উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোব) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
আমদানি ব্যয় কমাতে ফল ও খেজুরের শুল্ক যৌক্তিকীকরণ, ভোগ্যপণ্য আমদানিতে ঋণের সুদহার কমানোর বিষয়ে আলোচনা এবং পণ্য পরিবহন ও খালাসের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি কৃত্রিম সঙ্কট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীরা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। ডাল, ছোলা, গম, ভোজ্যতেল ও চিনিসহ প্রধান ভোগ্যপণ্যের কোনো কৃত্রিম সঙ্কট হতে দেয়া হবে না এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পণ্য খালাস নির্বিঘ্ন রাখা হবে।
ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে ট্রেড লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এছাড়া সিঙ্গাপুরের আদলে আরজেএসসি আধুনিকায়ন এবং ঘরে বসে মুখমণ্ডল শনাক্তকরণ ও আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই করে শেয়ার হস্তান্তরের ব্যবস্থা চালুর কাজ চলছে।