উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইউপি নির্বাচন কয়টি ধাপে এবং কোন ধাপ কবে হবে, সেদিন কমিশনের বৈঠকে তা চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ইসি শুধু নির্বাচনের সময়ের বিষয়টি জানাবে এবং তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছিল ইসি। ১২ নভেম্বর থেকে সাত ধাপে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল সংস্থাটি।
তবে ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন করার অসুবিধার কথা তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসি আগামী জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু করে মে মাসের মধ্যে শেষ করতে চায়।
ফেব্রুয়ারিতে রোজা শুরু হওয়ার আগেই তিন–চারটি ধাপের নির্বাচন করা হতে পারে। তবে এসব চূড়ান্ত হবে আগামী সোমবার কমিশনের বৈঠকে। রাজনৈতিক সংলাপ কবে শুরু হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, তার পরপরই হবে এবং সব কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে।