উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং ও রাজস্ব খাতসহ আর্থিক খাতের সমস্যা চিহ্নিত করে নিজস্ব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এসব সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহযোগিতা চাওয়া হবে। তবে এই সংস্কারগুলো কোনো আন্তর্জাতিক সংস্থার চাপিয়ে দেওয়া নয়, বরং দেশের সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করে নির্বাচনী ইশতেহার ও রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের এই অবস্থান তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সম্মেলনে অর্থ উপদেষ্টার পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। তিতুমীর জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রধান তিনটি সূচক ছিল ব্যক্তিখাতে বিনিয়োগ কমে যাওয়া, রাজস্ব আয় জিডিপির তুলনায় মাত্র ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসা এবং অধিকাংশ ব্যাংকে তারল্য সংকট। আগের সরকারের সময়ের খেলাপি ঋণ ১১ শতাংশ দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল ৩৫ দশমিক ৭২ শতাংশ।
ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা সরকারের সংস্কার কর্মসূচির প্রথম লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, পাঁচটি ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের গত ১ সেপ্টেম্বর থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ তোলার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি উত্তরাঞ্চল, নারী উদ্যোক্তা ও অবহেলিত অঞ্চলে ঋণপ্রবাহ বাড়ানোর আশা করছে সরকার। বৈদেশিক মুদ্রার বিনিময় হার এখন স্থিতিশীল হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বা স্বায়ত্তশাসন থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বন্ধ কলকারখানা চালু এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে ৬০ হাজার কোটি টাকা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজস্ব বাড়াতে অর্থনীতির মডেল বদলানোর কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিনটি অভ্যন্তরীণ সম্পদ বিষয়ক টাস্কফোর্স গঠন করা হয়েছে যার ফলে ৩০ জুনের মধ্যে রাজস্ব প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত হয়েছে। ২০৩০ সালের মধ্যে রাজস্ব-জিডিপির অনুপাত ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। মূল্যস্ফীতির কারণে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে বলে বিশ্বব্যাংকের হিসাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ২৩ দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়া গেলে দারিদ্র্যের হার ১৮ দশমিক ১ শতাংশ থেকে ৫ শতাংশ কমে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক অর্থায়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য আনা হবে এবং শুধু বৈদেশিক ঋণের ওপর নির্ভর না করে স্থানীয় বন্ড ও সুকুক বন্ডের মতো বিভিন্ন উৎস কাজে লাগনো হবে।