উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আবরার ফাহাদের হত্যাকাণ্ড মানুষকে সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সভার আয়োজন করে।
রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের দমন-পীড়নের সময়ে একের পর এক আন্দোলন ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, আবরার হত্যাকাণ্ডের পর তা কেটে যায়। আবরারের একটি ফেসবুক পোস্টের প্রতিটি শব্দ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের পক্ষে ছিল বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এই হত্যাকাণ্ডের পর মানুষের মনে ভয় তৈরির পরিবর্তে প্রতিরোধের শক্তি আরও জোরালো হয়েছে।
আলোচনা সভায় শহীদ আবরার ফাহাদের বাবা মোাহত উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তির সমালোচনা করায় তাঁকে হলে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। সাত বছর পার হলেও বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তিনি দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলামসহ ছাত্রদলের বিভিন্ন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।