উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা জানান। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলায়ও একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে। কালামপুর যুবক সমিতির আয়োজনে আরাফাত রহমান কোকোর স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচকে ঘিরে দুপুর থেকেই ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। খেলা শুরুর আগেই দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ ও আশপাশের এলাকা। ম্যাচটিকে কেন্দ্র করে ওই এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল এবং উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।