উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কৃষক শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় আরও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মোট ১৩ আসামির বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নান্দাইল উপজেলার চরলক্ষীদিয়া গ্রামের বাসিন্দা আবু বকর সিদ্দিকের ছেলে মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবু। তারা তিনজনই আপন ভাই এবং এর মধ্যে রিপন মিয়া পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি আসাদুলও পলাতক রয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চরভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।